
ডিজিটাল বাংলাদেশের পথে নতুন মাইলফলক: বিআইএমে জিওস্পেশাল প্রশিক্ষণের সনদ প্রদান২১টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে জিআইএস দক্ষতা উন্নয়নে বড় উদ্যোগ
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিওস্পেশাল ডাটা বিশ্লেষণ। এ লক্ষ্যেই বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এ Geospatial Data Analysis and Management” শীর্ষক প্রশিক্ষণের (১ম থেকে ২১তম ব্যাচ) সনদপত্র প্রদান অনুষ্ঠান ২১ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
বিআইএম কম্পিউটার ল্যাবে বিকেল সাড়ে ৪টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সলিম উল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য দেন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও প্রোগ্রাম ডিরেক্টর এস. এম. আরিফুল ইসলাম।
প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এই প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে জিআইএস প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো. সলিম উল্লাহ বলেন, বর্তমান বিশ্বে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে জিওস্পেশাল ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ দেশের মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইসিটি ডিভিশনের ইডিজিই (EDGE) প্রকল্পের কম্পোনেন্ট লিড মোহাম্মদ এনামুল কবির। তিনি বলেন, ডিজিটাল গভর্নেন্স বাস্তবায়নে দক্ষ জনবল তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সনদপত্র বিতরণ পর্ব, যেখানে সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মহাপরিচালক।

সমাপনী বক্তব্যে ফারখুন্দা ডরিন প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর Enhancing Digital Government and Economy (EDGE) প্রকল্পের আওতায় পরিচালিত এই প্রশিক্ষণে মোট ২১টি ব্যাচে বিপুলসংখ্যক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা জিআইএস, রিমোট সেন্সিং, ডাটা অ্যানালাইসিস ও ম্যাপিংয়ে দক্ষতা অর্জন করেন, যা দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।