
বাকেরগঞ্জে মৎস্যচাষে নতুন সম্ভাবনা, জাতীয় মৎস্য পক্ষ ঘিরে প্রাণবন্ত আয়োজন
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের উৎসাহিত করা এবং মৎস্য খাতের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জলাশয়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যচাষিরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, মাছ বাংলাদেশের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছ চাষে মৎস্য খামারিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন বিদেশেও মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করছে। মৎস্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি চাষিদের আরও আধুনিক ও পরিকল্পিতভাবে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাকেরগঞ্জে মৎস্য সম্পদের রয়েছে ব্যাপক সম্ভাবনা। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত স্থানীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারে।
এ ক্ষেত্রে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তরের নিয়মিত পরামর্শ, মৎস্যচাষিদের সঙ্গে সমন্বয় এবং মৎস্যসম্পদ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বিশেষ গুরুত্ব বহন করছে। মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা এবং উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে স্থানীয় মৎস্য খাতকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাকেরগঞ্জের তিনজন সফল মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সফল চাষিদের সম্মাননা প্রদান নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের মৎস্যচাষে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মৎস্যচাষিদের অংশগ্রহণ, পোনা অবমুক্তকরণ এবং সফল চাষিদের সম্মাননার মধ্য দিয়ে বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের এ আয়োজন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মৎস্য খাতের সম্ভাবনা ও চাষিদের সাফল্যকে সামনে তুলে ধরেছে।