
পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরত ও পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন
ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার দাবি এবং ঢাকায় গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে শহরের ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ঘিরে সৃষ্ট অস্থিরতা দ্রুত নিরসন করা জরুরি। তারা অভিযোগ করেন, ব্যাংকের অর্থ পাচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।
এ সময় গ্রাহকরা ৯ দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি ঢাকায় অবস্থানরত গ্রাহকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের আহ্বানও জানান তারা।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, যুগ্ম আহ্বায়ক হাফিজা খাতুন, সদস্য সচিব এইচ এম মামুন এবং গ্রাহক মো. জালাল শেখসহ অন্যান্যরা।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যাংকের অর্থ যাতে অপচয় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দক্ষ ও সৎ নেতৃত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় ডা. যুবাইদার পদত্যাগের পর নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে নিয়েও সমালোচনা করা হয় এবং তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ফারুক খানের পদ বহাল রাখার দাবিও জানান বক্তারা।
কর্মসূচির শেষে বক্তারা বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।