আগস্ট মাসকে সামনে রেখে কানাডার টরন্টোর বাংলাদেশ সেন্টারের মিলনায়তনে গত ২৬ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, সংগ্রাম ও রাষ্ট্রগঠনে তাঁর ঐতিহাসিক অবদান নিয়ে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দৃষ্টিকোণ ৭১ এবং Group 71 Integral Progress of Bangladesh (GIPB)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের দুর্লভ ও ঐতিহাসিক ৩৯টি আলোকচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মারিয়া মিন্নাহ। সভাপতিত্ব করেন ড. আবদুল আউয়াল এবং সঞ্চালনা করেন শায়লা আহমদ লোপা।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন ড. মাহবুব রেজা, বীর মুক্তিযোদ্ধা ওমর সেলিম শের, নুরুল আমিন খান, এবং প্রফেসর সাঈদুল হক চৌধুরী। তাঁরা বঙ্গবন্ধুর নেতৃত্ব, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন গোলাম মোস্তফা।
দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয় জাপানি চলচ্চিত্রকার Nagisa Oshima নির্মিত প্রামাণ্যচিত্র "Rahman, Father of a Nation"। চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং বাংলাদেশের জন্মের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে উপস্থিত দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।
সমাপনী পর্বে বক্তব্য দেন বঙ্গবন্ধু গবেষক সাইফুল্লাহ মাহমদু দুলাল, আবদুল আউয়াল, শায়লা আহমদ লোপা প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, অসাম্প্রদায়িক চেতনা এবং স্বাধীনতার ইতিহাস সংরক্ষণে প্রবাসে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে টরন্টোর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গবেষক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। প্রদর্শনী ঘুরে দেখে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের ইতিহাসভিত্তিক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।