এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা
বরিশালে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলনের মতবিনিময়
বরিশাল, ২৫ জুন ২০২৬:

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরিশালে কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ও ইতিবাচক পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি পরীক্ষার গোপনীয়তা রক্ষা, প্রশ্নফাঁস ও অসদুপায় প্রতিরোধ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে একটি দক্ষ ও মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।