জাতীয় ক্রীড়াসেবীদের জন্য ভাতা, বৃত্তি ও চিকিৎসা সহায়তা কার্যক্রমের উদ্বোধন
ক্রীড়াবান্ধব রাষ্ট্র গঠনের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ক্রীড়াসেবীদের জন্য ক্রীড়া ভাতা, ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল হক।
আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন। তাদের অবদানকে সম্মান জানাতে এবং জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এই কার্যক্রম তারই অংশ।
তিনি জানান, ক্রীড়া ভাতার আওতায় অসচ্ছল ও অবসরপ্রাপ্ত ক্রীড়াসেবীদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি মেধাবী ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু রাখা হয়েছে, যাতে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে পারে। এছাড়া গুরুতর অসুস্থ বা আর্থিক সংকটে থাকা ক্রীড়াসেবীদের চিকিৎসা ও বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রীড়াবিদদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ক্রীড়াসেবীদের কল্যাণে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ক্রীড়াসেবীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।