জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় ওয়াসিম আকরামের কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এছাড়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং চট্টগ্রামে ওই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রীর সফরকালে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় শহীদ ওয়াসিমের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।