‘সবার আগে বাংলাদেশ’ এই আহ্বানের আলোকে আমরা বলি, সবার আগে পটুয়াখালী, কলাপাড়া ও রাঙ্গাবালী।’ এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন।
তিনি বলেন, এখনো সরকার পুরোপুরি কাজ শুরু করতে পারেনি, তবে উন্নয়নের দৌড়ে কলাপাড়া-রাঙ্গাবালী অনেকটাই এগিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে ৩০০ এমপি থাকলেও ব্যক্তিগত প্রচেষ্টায় কলাপাড়া-রাঙ্গাবালীতে ইতোমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের পথে। বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসার টেন্ডার সম্পন্ন হয়েছে। কুয়াকাটার উন্নয়ন কাজের টেন্ডার হয়েছে, কলাপাড়া থানা ভবনের প্রায় ১৪ কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে। এছাড়া রাঙ্গাবালী হাসপাতালসহ আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এমপি মোশারফ হোসেন বলেন,‘আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে পটুয়াখালী-৪ আসনকে আমরা একটি ফুলের বাগানে রূপান্তরিত করতে চাই। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। একা একজন এমপির পক্ষে সব কাজ করা সম্ভব নয়।’
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) ঢাকার কেরানিগঞ্জ আনোয়ার সিটি ম্যাজিক আইলেন্ড পার্কে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাজী মোহাম্মদ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, মোঃ মনিরুজ্জামান মনির, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি রহমান ফরাজী, কলাপাড়া পৌরসভার সভাপতি নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান পারভেজসহ কলাপাড়া ও রাঙ্গাবালীর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।